গুগল ডুডলে নেই সুবর্ণ জয়ন্তীর ছোঁয়া!

২৬ মার্চ, ২০২১ ১৭:৩৯  
বাংলাদেশের স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানাতে লাল-সবুজের এই ডুডল প্রদর্শন করছে গুগল। তবে বিশেষ এই ডুডলে নেই  সুবর্ণ জয়ন্তীর কোনো ছোঁয়া। তাই বিষয়টি বাংলাদেশের গুগল ব্যবহারকারীদের কিছুটা হলেও আহত করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১২টা থেকে গুগলের হোম পেজে প্রদর্শিত বিশেষ এই গুগল ডুডলে নীল আকাশের মাঝে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ এই ডুডলে ক্লিক করলে উইকিপিডিয়াসহ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন তথ্য প্রদর্শন করছে। এতে কার্সর ধরলে বা ট্যাপ করলে উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২১’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখায় গুগল। বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ। সেই গত বাঁধা নিয়মেই এবারের ডুডল প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। কিন্তু বিশ্ব নেতারা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানাচ্ছেন সেখানে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাংলাদেশ প্রযুক্তি বিশ্বে বিশেষ জায়গা করে নেয়া এই টেকস্যাভি দেশের সুবর্ণ জয়ন্তীতে গুগলের এই আচরণ প্রশ্নবোধক হিসেবে দেখা দিয়েছে।